যশোর প্রতিনিধি
আগামী ২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। ২০২৬ সালে যশোর শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন, যা গত বছরের তুলনায় ৩ হাজার ৭৬২ জন কম। ২০২৫ সালে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩৮ হাজার ৮৫১ জন।
শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ৬৬ হাজার ৯২৮ জন ছাত্র এবং ৬৮ হাজার ১৬১ জন ছাত্রী রয়েছে।
বোর্ড সূত্রে জানা গেছে, খুলনা বিভাগের ১০ জেলার ২ হাজার ৫৭২টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ২৯৯টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে। মোট পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত ১ লাখ ৯ হাজার ২৬৬ জন, অনিয়মিত ২৫ হাজার ৬৭৮ জন এবং জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী রয়েছে ১৪৫ জন।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, বিজ্ঞান বিভাগে ৩৯ হাজার ৪২৬ জন, মানবিক বিভাগে ৮২ হাজার ৪১১ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১৩ হাজার ২৫২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
জেলাভিত্তিক তথ্য অনুযায়ী, যশোর জেলায় সর্বোচ্চ ২২ হাজার ৮৮ জন পরীক্ষার্থী রয়েছে। এছাড়া খুলনায় ২১ হাজার ৪২৮ জন, কুষ্টিয়ায় ১৯ হাজার ৭৪৯ জন, ঝিনাইদহে ১৬ হাজার ৩৪৯ জন, সাতক্ষীরায় ১৪ হাজার ২৪৭ জন, বাগেরহাটে ১১ হাজার ৯২৬ জন, চুয়াডাঙ্গায় ৮ হাজার ৯৬২ জন, মাগুরায় ৮ হাজার ৭৬ জন, মেহেরপুরে ৬ হাজার ২০০ জন এবং নড়াইলে ৬ হাজার ৬৪ জন পরীক্ষার্থী অংশ নেবে।
পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, “এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে ২৯৯ জন কেন্দ্র সচিবকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি থাকবে। কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.