নওগাঁ প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার পূর্বরাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও শোকের পরিবেশ বিরাজ করছে।
নিহতরা হলেন, নমির হোসেনের ছেলে মো. হাবিবুর রহমান (৩২), তার স্ত্রী পপি খাতুন (২৫), ছেলে পারভেজ ইসলাম (৯) এবং মেয়ে সাদিয়া রহমান (৩)।
জানা যায়, ভোরে নিহত হাবিবুর রহমানের বাবা নমির হোসেন বাড়ির দরজার সামনে রক্ত দেখতে পায়। পরে ঘরে প্রবেশ করে তিনি খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় তার ছেলে, ছেলের স্ত্রী, নাতি ও নাতনি চারজনের নিথর দেহ পরে থাকতে দেখতে পান। তার ডাক চিৎকারে দ্রুত প্রতিবেশীরা উপস্থিত হয়ে তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং তদন্ত কার্যক্রম শুরু করে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। তিনি গত সোমবার মান্দার চৌবাড়িয়া হাটে গরু বিক্রি করে রাত ৮টার দিকে বাড়ি ফেরেন। তার কাছে বিক্রির ২ লাখ ৮০ হাজার টাকা ছিল। ধারণা করা হচ্ছে, এই টাকার লোভেই দুর্বৃত্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যা করেছে। পাশাপাশি, বাড়িতে থাকা স্বর্ণালঙ্কারও লুট করা হয়েছে। হাবিবুরের স্ত্রী পপি খাতুনের কানের দুল পর্যন্ত ছিনিয়ে নিয়ে গেছে তারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, এ হত্যাকাণ্ডের পেছনের কারণ এখনো জানা যায়নি। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা উদঘাটনে থানা পুলিশ কাজ করছে। হত্যাকারী যে বা যাহারা হোক তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.