যশোর প্রতিনিধি
যশোরের কেশবপুরে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. রেকসোনা খাতুন।
মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আগামী ২২ এপ্রিল পর্যন্ত চলবে এ কৃষি মেলা।
উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. রেকসোনা খাতুন। তিনি বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও কৃষকের জীবনমান উন্নয়ন সম্ভব। এ ধরনের মেলা কৃষকদের নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে ও তা গ্রহণে উৎসাহিত করবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতের আমির জাকির হোসেন এবং এনসিপির আহ্বায়ক সম্রাট হোসেন। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মেলায় বিভিন্ন আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের বীজ, কৃষিযন্ত্র এবং কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন স্টল প্রদর্শন করা হচ্ছে, যা দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.