আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসে দলিল-লেখকদের শুদ্ধাচার, নৈতিকতা ও পেশাগত দক্ষতা উন্নয়নে দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) আলফাডাঙ্গা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সাব-রেজিস্ট্রার সুজন বিশ্বাস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রেজিস্ট্রার মোহাঃ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুখালী উপজেলার সাব-রেজিস্ট্রার আল-মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে মোহাঃ শফিকুল ইসলাম বলেন, ভূমি-সংক্রান্ত সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দলিল-লেখকদের সততা ও পেশাগত দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, দলিল-লেখকরা সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করেন। জনগণ যেন হয়রানি ছাড়া দ্রুত সেবা পায়, সে বিষয়ে সবাইকে আন্তরিক হতে হবে। এ সময় তিনি অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং আইনগত জটিলতা নিরসনে প্রয়োজনীয় পরামর্শ দেন।
বিশেষ অতিথির বক্তব্যে আল-মাহমুদ বলেন, রেজিস্ট্রেশন আইন, সম্পত্তি হস্তান্তর আইনসহ সংশ্লিষ্ট বিধি-বিধান সম্পর্কে হালনাগাদ জ্ঞান থাকলে দলিল প্রণয়নে ভুল কমে আসে। এতে সেবার মান বাড়ার পাশাপাশি মামলা-মোকদ্দমাও হ্রাস পায়। তিনি নিয়মিত প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে সুজন বিশ্বাস বলেন, শুদ্ধাচার চর্চা ও পেশাগত দায়িত্ববোধ একজন দলিল-লেখককে জনগণের কাছে সম্মানিত করে তোলে। সেবাগ্রহীতাদের প্রতি দায়িত্বশীল আচরণ এবং নির্ভুল ও স্বচ্ছভাবে দলিল সম্পাদন নিশ্চিত করতে সবাইকে আরও সচেতন হতে হবে।
কর্মশালায় দলিল লেখার আধুনিক পদ্ধতি, দলিলের শ্রেণিবিন্যাস, স্ট্যাম্প আইন, উৎসে কর ও ফি নির্ধারণ, সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং পেশাগত নৈতিক মানদণ্ড বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা দলিল লেখক সমিতির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, অর্থ সম্পাদক আসলাম, দলিল-লেখক আমিরুল ইসলাম মাহবুব, বাচ্চু মিয়া, সিনিয়র দলিল-লেখক স্বপন সিকদার, সাবেক সাধারণ সম্পাদক শাহিদুল মুন্সি, মো. ইমদাদুল হক, মফিজুর রহমানসহ সংশ্লিষ্ট কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও দলিল-লেখকরা।
দিনব্যাপী এ কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে আরও দায়িত্বশীল, স্বচ্ছ ও দক্ষতার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.