মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে পেশাগত দায়িত্ব পালনকালে স্ট্রোক করে মো. ফারুক হোসেন (৪০) নামের এক ঔষধ কোম্পানির প্রতিনিধির মৃত্যু হয়েছে। বুধবার সকালে মনিরামপুর বাজার এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে তার মৃত্যু হয়।
নিহত ফারুক হোসেন মনিরামপুর উপজেলার ঝাঁপা উত্তরপাড়া গ্রামের মো. শহিদুল্লাহ মোড়লের ছেলে। তিনি জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেডে রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন।
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকালে ফারুক হোসেন তীব্র গ্যাস্ট্রিকের সমস্যায় আক্রান্ত হয়ে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর তিনি কিছুটা সুস্থ বোধ করেন এবং হাসপাতাল থেকে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
তবে মনিরামপুর বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ তিনি স্ট্রোক করেন এবং চলন্ত মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যান। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পুনরায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইফতেখার রসুল জানান, “তিনি সকালে গ্যাস্ট্রিকের সমস্যায় হাসপাতালে এসেছিলেন। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে ফিরে যান। পরে বাজার এলাকায় পৌঁছে স্ট্রোক করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।”
এ ঘটনায় পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিনের সহকর্মীকে হারিয়ে মনিরামপুরে কর্মরত বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরাও শোকাহত।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.