জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে সিএমএসএমই (CMSME) অর্থায়ন নীতিমালার ওপর ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল ) সকাল ৯টায় শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে পূবালী ব্যাংক পিএলসি, জয়পুরহাট শাখার আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন তফসিলভুক্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ ব্যাংক, বগুড়ার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক সাখাওয়াত হোসেন।
কর্মশালায় বক্তব্য দেন সোনালী ব্যাংক পিএলসি বগুড়ার জেনারেল ম্যানেজার রশিদুল ইসলাম, পূবালী ব্যাংক পিএলসি বগুড়ার অঞ্চল প্রধান এএসএম রায়হান শামীম, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জোনাল হেড ওয়াহিদুল কবির, অগ্রণী ব্যাংকের জোনাল হেড জুলফিকার আলী আকন্দ, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারুল হক আনু এবং সোনালী ব্যাংকের এজিএম ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্টরা।
কর্মশালায় ব্যাংকিং ও আর্থিক খাতে সেবার মানোন্নয়ন এবং গ্রাহকসেবা বৃদ্ধির লক্ষ্যে কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে সিএমএসএমই খাতে ঋণ বিতরণ সহজীকরণ, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা বৃদ্ধি এবং কার্যকর আর্থিক অন্তর্ভুক্তির ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, জয়পুরহাট একটি কৃষিভিত্তিক জেলা হওয়ায় এখানকার কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণপ্রাপ্তি নিশ্চিত করা জরুরি। এজন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ও আন্তরিক হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।
কর্মশালায় অংশগ্রহণকারী কর্মকর্তারা বলেন, এ ধরনের প্রশিক্ষণ তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে এবং ভবিষ্যতে গ্রাহকদের আরও উন্নত সেবা প্রদান সম্ভব হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.