সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদীর চরাঞ্চল থেকে দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জামসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের রেহাইশুড়িবেড় গ্রামের মগবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার মাহবুবুর রহমান দিপু (২৮) উত্তর রেহাইশুড়িবেড় গ্রামের বাসিন্দা এবং নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হকের ছেলে। তার মা সুলতানা হক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা মগবাজার এলাকার একটি ওয়ার্কশপে অভিযান চালান। এ সময় মাহবুবুর রহমান দিপুকে লেদ মেশিনে দেশীয় অস্ত্র (পাইপগান) তৈরির সময় হাতেনাতে আটক করা হয়।
অভিযানকালে তার কাছ থেকে একটি চাইনিজ কুড়াল এবং পাইপগান তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.