ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বেপরোয়া গতিতে ট্রাক চালানোর অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে এক ড্রাইভার নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। শুক্রবার (১ মে) রাত ৯টার দিকে উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া নতুনহাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সালথা উপজেলার রসুলপুর এলাকা থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১২৭৩৩২) দ্রুতগতিতে গ্রামের সরু সড়ক দিয়ে আসছিল। ট্রাকটির অস্বাভাবিক গতি দেখে এলাকাবাসী সেটির গতিরোধ করে। এ সময় উত্তেজিত জনতা ট্রাকের ড্রাইভার, হেলপারসহ তিনজনকে গণপিটুনি দেয়, এতে তারা গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি রসুলপুরসহ বিভিন্ন এলাকায় একাধিক পথচারীকে চাপা দিয়ে পালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে। এতে প্রায় ২০ জন পথচারী আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। পরে ট্রাকটি বিলনালিয়া নতুনহাটখোলা এলাকার একটি দোকানে সজোরে ধাক্কা দেয়। ক্ষুব্ধ জনতা ট্রাকটিতে ভাঙচুর চালায়।
খবর পেয়ে নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানি আজাদ এবং তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর ট্রাকের ড্রাইভার হান্নান (৪৫) মারা যান। তিনি বোয়ালমারী উপজেলার বাসিন্দা। আহত অন্য দুইজন হলেন হেলপার নাঈম (২২), বাড়ি সালথা উপজেলার সোনাখোলা এবং আল-আমিন (২৫), বাড়ি সালথা উপজেলার কাগদী। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নগরকান্দা থানার ওসি রাসুল সামদানি আজাদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রাকটি একাধিক দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে আসছিল। ঘটনার সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.