ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নে ভূমি অফিস লাটিয়ামারী বাজারে স্থাপনের দাবিতে স্থানীয় বাসিন্দারা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। শুক্রবার (১ মে) বিকেলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজিবপুর ইউনিয়নের ভূমি অফিসটি নবাবী আমল থেকেই লাটিয়ামারী এলাকায় ছিল। তবে ভবনটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় ৯০-এর দশকে সেটি পাশের উচাখিলা ইউনিয়নে স্থানান্তর করা হয়। পরে ২০২৫ সালে সরকার রাজিবপুর ইউনিয়নের নিজস্ব এলাকায়, লাটিয়ামারী বাজারে ভূমি অফিস স্থাপনের জন্য খাস জমি নির্ধারণ করে।
এ প্রকল্প বাস্তবায়নে প্রায় ১ কোটি ৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয় এবং ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে আনোয়ার হোসেন কাজটি পান। কাজ শুরুর সময় একটি পক্ষ ইউনিয়ন পরিষদের পাশে অফিসটি স্থাপনের দাবি তুললেও নির্দিষ্ট জায়গা চূড়ান্ত না হওয়ায় লাটিয়ামারী বাজারের খাস জমিতেই কাজ শুরু করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, লাটিয়ামারী বাজার এলাকায় ভূমি অফিস স্থাপন করা হলে সাধারণ মানুষ সহজে সেবা নিতে পারবে। তাই নির্ধারিত স্থানেই দ্রুত অফিস নির্মাণের দাবি জানান তারা।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন বিশ্বাস জানান, সরকার নির্ধারিত স্থান লাটিয়ামারী বাজারেই ইউনিয়ন ভূমি অফিস স্থাপন করা হবে। ইতোমধ্যে ঠিকাদার কার্যাদেশ নিয়ে কাজ শুরু করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.