বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধ
বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বায়লাখালী গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার (৭৫)-কে নির্যাতন করে বাড়িছাড়া করার অভিযোগ উঠেছে তাঁর স্বজনদের বিরুদ্ধে। তবে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করে উল্টো তাঁর বিরুদ্ধে হামলার মামলা করেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, স্ত্রী-সন্তানহীন মতিন হাওলাদার দীর্ঘদিন ধরে তাঁর ছোট ভাইয়ের পরিবারের সঙ্গে বসবাস করে আসছিলেন। তিনি দাবি করেন, পারিবারিক জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাইপোরা তাঁর ওপর চাপ সৃষ্টি করতে থাকে এবং একপর্যায়ে নির্যাতন চালিয়ে বাড়ি ছাড়তে বাধ্য করে।
মতিন হাওলাদারের অভিযোগ, তিনি সম্পত্তি দিতে অস্বীকৃতি জানালে তাঁর ওপর শারীরিক নির্যাতন চালানো হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পাশাপাশি তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও তিনি দাবি করেন। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
তিনি বলেন, “আমার কোনো স্ত্রী-সন্তান নেই। এই সুযোগে তারা আমার সম্পত্তি দখল করতে চায়। নির্যাতন করে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন আমি নিরাপত্তাহীনতায় আছি।”
অন্যদিকে অভিযুক্তদের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। রুহুল আমিন সাঈদ জানান, গত ১৭ এপ্রিল তাঁর চাচা তাঁদের ওপর হামলা চালান এবং লোহার শাবল দিয়ে তাঁকে আহত করেন। পরে তিনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় তারা আইনের আশ্রয় নিয়েছেন।
বাইজিদ হোসেন জাহিদ বলেন, তাঁদের চাচা প্রায়ই পারিবারিক বিরোধ সৃষ্টি করেন এবং সম্পত্তি অন্যত্র হস্তান্তরের চেষ্টা করছেন। বিষয়টি নিয়ে তারা আদালতে গেছেন বলে জানান তিনি।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার সুষ্ঠু সমাধান চান।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.