নোয়াখালী প্রতিনিধি
গণভোটের রায় ও ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়নের দাবিতে নোয়াখালীতে গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোট। শনিবার বাদ আসর জেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে এ কর্মসূচি শুরু হয়।
জোটের ব্যানারে আয়োজিত মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পৌরবাজার এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ‘জুলাই বিপ্লবের চেতনা রক্ষা’ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন। এ সময় জোটের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা অভিযোগ করেন, সরকার গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করছে এবং জনগণের মতামত উপেক্ষা করছে। তারা বলেন, সাংবিধানিক সংস্কারসহ নির্ধারিত সময়সীমার মধ্যে প্রতিশ্রুত সংস্কার বাস্তবায়নের কথা থাকলেও তা কার্যকর হয়নি।
তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়ন না হলে রাজপথের আন্দোলন আরও কঠোর করা হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিশ নোয়াখালী জেলা উত্তরের সভাপতি মাওলানা ইউসুফ মাদানী, নোয়াখালী জেলা দক্ষিণের সভাপতি আব্দুল কাইয়ুম, লেবার পার্টি নোয়াখালী জেলা সভাপতি জহিরুল হক, এনসিপি নোয়াখালী জেলা সদস্য সচিব কাজী মাইনুদ্দিন তানভীর, এবং ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর সেক্রেটারি বোরহান উদ্দিনসহ অন্যান্য নেতারা।
এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে শহরে স্বল্প সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.