সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সদ্য নির্মিত একটি রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার গাড়াদহ ইউনিয়নের চরনবীপুর গ্রামে।
সরেজমিনে জানা যায়, উপজেলা পরিষদের অর্থায়নে নির্মিত ১০০ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থের রাস্তাটির উদ্বোধন করা হয় গত ২৭ এপ্রিল। উদ্বোধন করেন সদ্যবিদায়ী ইউএনও মাশফিকা হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমান, শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম এবং গাড়াদহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ।
স্থানীয় সূত্রে অভিযোগ, ইউএনওর বদলির পর শনিবার বিকেল থেকে গাড়াদহ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফসার আলীর নেতৃত্বে কিছু লোক এসে রাস্তাটির ইট তুলে নিতে শুরু করে।
স্থানীয় নারী ইউপি সদস্য শিউলী খাতুন বলেন, “কয়েকটি পরিবারের চলাচলের সুবিধার জন্য রাস্তাটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু এখন সেটি তুলে নেওয়া হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন বলেন, “রাস্তাটির ইট তুলে নেওয়ার বিষয়টি আমরা জেনেছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তবে অভিযোগ অস্বীকার করে সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা আফসার আলী বলেন, “যেখানে রাস্তা করা হয়েছে সেটি করতোয়া ডিগ্রি কলেজ-এর জমি। তাই জায়গাটি দখলমুক্ত করতেই ইট সরানো হচ্ছে।”
ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.