ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক কল্যাণ ফান্ডের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সংগঠনের নামে মিথ্যা ও ভিত্তিহীন চাঁদা দাবির অভিযোগ এবং লিফলেট প্রচারের প্রতিবাদে রোববার (৩ মে) বেলা ১১টায় সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন দলিল লেখকদের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব আজিজুল লস্কর বলেন, একটি মহল সংগঠনের নাম ব্যবহার করে বিভ্রান্তিকর ও মিথ্যা লিফলেট প্রচার করছে। সেখানে জমি রেজিস্ট্রিতে প্রতি লাখে দুই হাজার টাকা অতিরিক্ত নেওয়ার যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি জানান, সংগঠন শুধু দলিল লেখকদের পারিশ্রমিক হিসেবে প্রতি দলিলে দুই হাজার টাকা নির্ধারণ করেছে, এর বাইরে সাধারণ জনগণের কাছ থেকে কোনো অর্থ নেওয়া হয় না।
সংগঠনের আহ্বায়ক ফারুক হোসেন বলেন, দলিল লেখকদের দুঃসময়ে সহায়তার উদ্দেশ্যে দুই মাস আগে কল্যাণ ফান্ডটি গঠন করা হয়। উপজেলায় প্রায় ৮০ জন দলিল লেখকের মধ্যে ইতোমধ্যে ৬০ জন সংগঠনের সদস্য হয়েছেন। পারিশ্রমিকের একটি অংশ থেকে প্রতি সপ্তাহে কিছু অর্থ কল্যাণ ফান্ডে জমা রাখা হয় এবং বাকি অর্থ সদস্যদের মধ্যে বণ্টন করা হয়। তিনি আরও বলেন, এখন পর্যন্ত কোনো দলিল লেখকের কাছ থেকে বাড়তি কোনো টাকা নেওয়া হয়নি এবং ভবিষ্যতেও জনগণের কাছ থেকে কোনো অর্থ নেওয়া হবে না।
তিনি অভিযোগ করেন, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভূয়া লিফলেট ছড়াচ্ছে এবং বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিচ্ছে। এমনকি এ ঘটনায় কিছু রাজনৈতিক নেতার নামও ব্যবহার করা হয়েছে, যা তারা সম্পূর্ণভাবে অস্বীকার করেন এবং এর তীব্র নিন্দা জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিনিয়র দলিল লেখক আব্দুস ছাত্তার, রঞ্জন কুমার, কওছার আলী, রেজাউল ইসলাম, নজরুল ইসলাম, আমজাদ হোসেনসহ অন্যান্য সদস্যরা।
তারা দাবি করেন, সংগঠনের বিরুদ্ধে প্রচারিত সকল অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.