শ্রীবরদী(শেরপুর) প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় মানব পাচার চক্রের মূল হোতা হিসেবে পরিচিত ফারুক (৪০)-কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৩ মে) সকালে সীমান্তবর্তী বাবেলাকোনা গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে কর্ণঝোড়া বিওপির জওয়ানরা অংশ নেন।
জানা যায়, সিংগাবরুনা ইউনিয়নের বকুলতলা গ্রামের সলিম মিয়ার ছেলে ফারুক মিয়া দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মানব পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। বিজিবির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান ও নায়েক নাজমুলের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, আটক ফারুক একাধিক মানব পাচার মামলার এজাহারভুক্ত আসামি। তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে সীমান্ত এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে।
পরে দুপুরে তাকে শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করে থানার সেকেন্ড অফিসার এসআই মো. মোরশেদ আলম জানান, ফারুকের বিরুদ্ধে মানব পাচারের অন্তত দুটি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান বলেন, ফারুক সীমান্ত এলাকায় মানব পাচার চক্রের অন্যতম সক্রিয় সদস্য। তাকে আইনের আওতায় আনা হয়েছে এবং সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিতভাবে তৎপর রয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, এই গ্রেফতারের মাধ্যমে সীমান্ত এলাকায় মানব পাচার চক্রের কার্যক্রমে বড় ধরনের ধাক্কা লাগবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.