ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিএনপি নেতার ছেলে সহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৬৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
শনিবার (২ মে) বিকেলে উপজেলার বাদুরতলা রোড (খাড়াকান্দা) এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে রাজাপুর থানা পুলিশ।
আটকরা হলেন— উপজেলার বামনকাঠি এলাকার উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদের ছেলে তাহমিদ বিন আজাদ ওরফে আলিফ তালুকদার (২৪) এবং পূর্ব রাজাপুর এলাকার শাহ আলম খানের ছেলে মিরাজুল ইসলাম (২১)।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় আলিফ তালুকদারের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
স্থানীয়দের অভিযোগ, আলিফ তালুকদার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বাবার রাজনৈতিক প্রভাব ব্যবহার করে তিনি বিভিন্ন স্থানে মাদকের আসর পরিচালনা করতেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস জানান, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের ঝালকাঠি আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.