চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারী উপজেলার প্রত্যন্ত রুয়েরকুল গ্রামে দরিদ্র ও পিছিয়ে পড়া শিশুদের জন্য গড়ে ওঠা ‘অমর্ত্য পাঠশালা’ এখন এলাকাজুড়ে শিক্ষার আলো ছড়াচ্ছে। বিনাবেতনে শিক্ষা প্রদানের পাশাপাশি শিশুদের জন্য শিক্ষা উপকরণ ও খাবারের ব্যবস্থাও করা হচ্ছে এখানে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রুয়েরকুল গ্রামের ভগীরথ মণ্ডলের বাড়িতে ২০২৩ সাল থেকে পাঠশালাটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখানে দরিদ্র পরিবারের শিশুদের নিয়মিত পাঠদান করানো হয়। পাশাপাশি স্কুলব্যাগ, বই, খাতা, কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণও সরবরাহ করা হয়।
প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পাঠদান কার্যক্রম চলে। শিক্ষার পাশাপাশি শিশুদের নৈতিক মূল্যবোধ গঠনের দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। দুপুরে শিক্ষার্থীদের খাবারেরও ব্যবস্থা রয়েছে।
শিক্ষিকা শুক্লা মণ্ডল বলেন, “শুধু পড়াশোনা নয়, শিশুদের সুশিক্ষা ও নৈতিকভাবে গড়ে তুলতে আমরা কাজ করছি।”
অভিভাবক পিপাসা রানা, সুচিত্রা মণ্ডলসহ অনেকে জানান, দরিদ্র পরিবারের জন্য এই পাঠশালা আশীর্বাদস্বরূপ। অনেকেই বই-খাতা ও পোশাক কিনতে না পারলেও এখানে তাদের সন্তানরা বিনামূল্যে পড়াশোনার সুযোগ পাচ্ছে।
শিক্ষানুরাগী মধাব ব্রহ্ম জানান, অস্ট্রেলিয়া প্রবাসী ফজলুল বারীর উদ্যোগে অমর্ত্য ফাউন্ডেশনের মাধ্যমে এই পাঠশালা পরিচালিত হচ্ছে। দেশ-বিদেশের সহযোগিতায় এটি টিকে আছে। স্থানীয়রাও বিভিন্নভাবে সহযোগিতা করছেন।
তিনি আরও বলেন, সপ্তাহে দু’দিন শিশুদের মাংসসহ পুষ্টিকর খাবার দেওয়া হয়। অনেকেই স্বেচ্ছায় অর্থ ও খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করছেন।
এলাকাবাসীর মতে, এমন মানবিক উদ্যোগ গ্রামীণ শিক্ষাব্যবস্থায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে এবং ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষার দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.