আনিসুর রহমান সুমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে অপহরণের ৪৮ ঘণ্টা পর নিখোঁজ পশু চিকিৎসক অনিমেষ পরামান্যকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কৃষকদলের এক ওয়ার্ড সভাপতি ও যুবদলের এক নেতা সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (২ মে) সকালে মুন্সীগঞ্জ এলাকায় গরুর চিকিৎসার কথা বলে কৌশলে ডেকে নিয়ে যাওয়া হয় পশু চিকিৎসক অনিমেষ পরামান্যকে। এরপর থেকেই তিনি নিখোঁজ হন। পরবর্তীতে অজ্ঞাত পরিচয় থেকে তার পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এলাকায় ব্যাপক উদ্বেগ ও উত্তেজনার সৃষ্টি হয়।
ঘটনাটি জানাজানি হলে গণমাধ্যম, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। চাপের মুখে অপহরণকারীরা পরিস্থিতি সামাল দিতে না পেরে অপহৃত চিকিৎসককে সুন্দরবনের গহীন জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যায় বলে জানা গেছে। পরে বনসংলগ্ন এলাকায় মাছ ধরতে যাওয়া এক জেলের সহায়তায় অনিমেষ পরামান্য লোকালয়ে ফিরে আসেন।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন—মুন্সিগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কৃষকদলের সভাপতি জব্বার (৩৫), একই এলাকার যুবদলের তথ্য বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান (৩২) এবং শাহিনুর গাজী (৩০)।
এদিকে, এই অপহরণের মূল পরিকল্পনাকারী হিসেবে টেংরাখালী দমদমা এলাকার মৃত আনছার ঢালীর ছেলে আশরাফ ঢালীর নাম উঠে এসেছে। তবে তিনি এখনো পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধার হওয়া পশু চিকিৎসক অনিমেষ পরামান্য বর্তমানে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
অনিমেষ পরামান্য জানান, গরুর চিকিৎসার কথা বলে তাকে ডেকে নিয়ে জোরপূর্বক সুন্দরবনে নিয়ে যাওয়া হয়। দুইদিন তাকে বনের মধ্যে আটকে রাখা হয়। খাওয়ার সময় শুধু হাত খুলে দিত, বাকি সময় হাত বাঁধা থাকত। তার ব্যবহৃত ফোন থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. খালেদুর রহমান জানান, এই ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মূল হোতা আশরাফ ঢালীকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। দ্রুতই তাকে আইনের আওতায় আনা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.