মনিরামপুর (যশোর) প্রতিনিধি
অতি দরিদ্র জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০২৫–২০২৬ অর্থবছরের আওতায় যশোরের মনিরামপুর উপজেলা-এর মশ্বিমনগর ইউনিয়নে মশ্বিমনগর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর-এর যৌথ আয়োজনে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সম্রাট হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন, মনিরামপুর থানার ওসি মোঃ আবু সাঈদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জাম মিন্টু, বিএনপি নেতা রফিকুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ, শাহাজান কবিরসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সুধীজন।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও মোঃ সম্রাট হোসেন বলেন, সরকার অতি দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন সময় নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে। এই খাল পুনঃখনন প্রকল্প একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টি করবে, অন্যদিকে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, “মশ্বিমনগর খালটি এ অঞ্চলের প্রাণ। এটি পুনঃখননের মাধ্যমে কৃষিতে গতি আসবে এবং প্রকৃত কর্মহীন মানুষরা নিজ এলাকায় কাজের সুযোগ পাবেন।” প্রকল্পের কাজের স্বচ্ছতা ও গুণগত মান বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
স্থানীয় বাসিন্দা ও কলেজ শিক্ষক মোঃ শাহিনুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে থাকায় পানি নিষ্কাশনে সমস্যা হচ্ছিল। পুনঃখনন কাজ সম্পন্ন হলে জলাবদ্ধতা কমবে এবং কৃষিকাজে ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.