ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে ২২ মামলার আসামীসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির বিভিন্ন সরঞ্জাম ও একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সদর ইউনিয়নের রাগামারা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ডাকাতির প্রস্তুতিকালে ত্রিশালের বাগান গ্রামের মৃত আব্দুল কদ্দুছ ওরফে আব্দুল মজিদের ছেলে নবী হোসেন (৩৩) এবং গৌরীপুর উপজেলার চুরালী গ্রামের মো. কিতাব আলীর ছেলে মো. শামীম (২৮)-কে গ্রেপ্তার করা হয়।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদ জানান, গ্রেপ্তারকৃত নবী হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২২টি এবং মো. শামীমের বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে।
তিনি আরও জানান, অভিযানে তাদের কাছ থেকে হেরোইন, ধাতব তার কাটার যন্ত্র, তালা কাটার সরঞ্জাম, সেলাই রেঞ্চ, এসএস রড, লোহার পাইপ, একটি রামদা, পাঁচটি মোবাইল ফোন এবং একটি সিঙ্গেল কেবিন পিকআপ গাড়ি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় মঙ্গলবার ত্রিশাল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.