সুনামগঞ্জ প্রতিনিধি
হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্দশা লাঘবে তিন মাস মেয়াদী বিশেষ মানবিক সহায়তা কর্মসূচি শুরু করেছে সরকার। মঙ্গলবার (৫ মে) সকালে সুনামগঞ্জ সার্কিট হাউসে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এ ঘোষণা দেন।
মন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলোকে আগামী তিন মাস নিয়মিত সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি এ কর্মসূচিকে কীভাবে দীর্ঘমেয়াদী ও স্থায়ী করা যায়, সে বিষয়ে মন্ত্রণালয় কাজ করছে। তিনি স্থানীয় সংসদ সদস্যদের পরামর্শে স্বচ্ছতার সঙ্গে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়নের নির্দেশ দেন।
সভায় বিশেষ অতিথি আমিনুর রশীদ ইয়াসীন বলেন, হাওর অঞ্চলের কৃষি রক্ষায় ‘সমন্বিত হাওর ব্যবস্থাপনা কর্মসূচি’ গ্রহণ করা হবে। এর আওতায় হাওর খনন, স্লুইসগেট নির্মাণ এবং কৃষকদের জন্য আধুনিক হারভেস্টার সরবরাহের উদ্যোগ নেওয়া হবে।
এ সময় অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল তিতুমীর এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার হাওরের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভা শেষে মন্ত্রী বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে এই মানবিক সহায়তা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার, স্থানীয় সংসদ সদস্যসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.