গাজীপুর প্রতিনিধি
প্রযুক্তিনির্ভর উদ্ভাবন ও বাস্তব সমস্যার ডিজিটাল সমাধান খুঁজে বের করার লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) আইটি সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী আইডিয়া-ভিত্তিক প্রতিযোগিতা ‘ইমপ্যাক্ট চ্যালেঞ্জ’।
এ প্রতিযোগিতায় দেশের ১৯টি বিশ্ববিদ্যালয় থেকে মোট ৫৩টি দল অংশগ্রহণ করে, যা তরুণ শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তি ও উদ্ভাবনমুখী চিন্তার ক্রমবর্ধমান আগ্রহের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
প্রাথমিক বাছাই শেষে নির্বাচিত সেরা ৫টি দল সোমবার (৪ মে) রাতে গাকৃবির পুরাতন অডিটোরিয়ামে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তাদের উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে। এর মধ্যে দুটি দল ভার্চুয়ালি অংশ নিয়ে সফলভাবে তাদের প্রেজেন্টেশন সম্পন্ন করে।
চূড়ান্ত ফলাফলে গাকৃবির টিম ‘ভলটিক্স’ চ্যাম্পিয়ন এবং ‘ফোকাস ইনোভেটর’ রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যৌথ সমন্বয়ে গঠিত টিম ‘ফিনিক্স’ দ্বিতীয় রানার-আপ হয়।
অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন গাকৃবির পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মো. মসিউল ইসলাম, ড. সাত্তিকেশ পাল এবং বি.এম. রোকনুজ্জামান লাভা।
প্রতিযোগিতার অংশ হিসেবে ‘সকলের জন্য উদ্ভাবন ও টেকনোলজি’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে প্রযুক্তির সহজলভ্যতা, সামাজিক প্রয়োগ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন ড. হুমায়ুন কবির, ড. সাত্তিকেশ পাল, বি.এম. রোকনুজ্জামান লাভা এবং মাহমুদ আল হাসান বিভোর। আলোচনা সঞ্চালনা করেন আইটি সোসাইটির সাধারণ সম্পাদক রুদ্রনীল মণ্ডল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জি.কে.এম মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আধুনিক বিশ্বের জটিল সমস্যা মোকাবিলায় প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের এমন উদ্যোগ ভবিষ্যতের বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরিফ রায়হান।
অনুষ্ঠান শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ। আয়োজকরা জানান, ‘ইমপ্যাক্ট চ্যালেঞ্জ’ শিক্ষার্থীদের বাস্তব সমস্যা সমাধানে প্রযুক্তির ব্যবহার শিখতে সহায়তা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.