স্টাফ রিপোর্টার, চিতলমারী
বাগেরহাটের চিতলমারীতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে। পরে উদ্ধারকৃত জাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুনিয়া বাসস্ট্যান্ড এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান পরিচালনা করে বড়বাড়িয়া পুলিশ ক্যাম্প। এ সময় ক্যাম্পের ইনচার্জ মো. তহিদুল ইসলামের নেতৃত্বে এবং চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ওই পরিত্যক্ত বাড়ি থেকে আনুমানিক ১১ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়।
পরে জব্দকৃত জাল চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করেন। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌস আনসারীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার জানান, এ ধরনের নিষিদ্ধ জাল ব্যবহার ও মজুদ করা আইনত দণ্ডনীয় অপরাধ। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.