নিজস্ব প্রতিবেদক,গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় উদ্বোধনের মাত্র এক মাসের মধ্যেই একটি ব্রিজ-সংলগ্ন সড়কের অংশ ধসে পড়েছে। এতে স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহন চালকদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার সফিপুর–বড়ইবাড়ী আঞ্চলিক সড়কের মকশ বিল এলাকায় গিয়ে দেখা যায়, নবনির্মিত সেতুর দুই পাশের সংযোগ সড়ক ধসে গেছে। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ।
স্থানীয়দের অভিযোগ, সোমবার (৪ মে) দিবাগত রাতে হঠাৎ করেই সড়কটির একটি অংশ ভেঙে পড়ে। এতে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা তৈরি হয়েছে।
জানা গেছে, কালিয়াদহ মকশ বিল এলাকায় ৫৫ মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোস্তফা কামাল অ্যান্ড সন্স এন্টারপ্রাইজ। প্রায় ৫ কোটি ১৪ লাখ ৩১ হাজার ৫১৭ টাকা ব্যয়ে নির্মিত সেতুটি নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই গত এক মাস আগে উদ্বোধন করা হয় বলে স্থানীয়দের অভিযোগ।
স্থানীয় বাসিন্দারা দাবি করেন, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও তদারকির ঘাটতির কারণে অল্প সময়ের মধ্যেই সড়কটি ধসে পড়েছে। এতে প্রকল্পের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে।
পথচারী ও যানবাহনচালকরা জানান, বর্তমানে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। দ্রুত সড়কটি সংস্কার এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ আব্দুল কাদেরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
তবে উপজেলা উপসহকারী প্রকৌশলী আব্দুল আল মামুন বলেন, অতিবৃষ্টির কারণে সড়কের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। কাজের মেয়াদ এখনো শেষ হয়নি। ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত ঠিকাদারি প্রতিষ্ঠানকে দিয়ে পুনরায় সংস্কার করা হবে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.