মুন্সীগঞ্জ প্রতিনিধি
গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারলে রাষ্ট্রের শাসনব্যবস্থা আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, স্বাধীন গণমাধ্যম সমাজ, রাষ্ট্র ও রাজনীতিকে জবাবদিহিতার আওতায় রাখে, যা টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য।
মঙ্গলবার বিকেলে মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সদস্যদের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, নৈরাজ্যপূর্ণ বা দায়িত্বজ্ঞানহীন সংবাদ পরিবেশন গণতন্ত্রের জন্য ক্ষতিকর। অন্যদিকে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম গণতন্ত্রকে শক্তিশালী করে। জনগণের সঠিক তথ্য জানার অধিকার নিশ্চিত করতে সংবাদকর্মীদের সত্য ও নির্ভুল তথ্য উপস্থাপনে সচেষ্ট থাকতে হবে। সময়ের সাথে তাল মিলিয়ে পেশাগত দক্ষতা বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
তিনি জানান, স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করতে সরকার সংবাদপত্র ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। সুষ্ঠু নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে এবং টিআরপির নামে কোনো গণমাধ্যমকে সরকারি সুবিধা দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গুলজার রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমি মাহবুব, জেলা পরিষদের প্রশাসক এ কে এম এরাদত মানু, পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এসময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.