দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মঙ্গলবার (৫ মে) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের আব্দুলপুর-ঘোগা গ্রামে কৃষক বাহাদুর আলীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনি একই গ্রামের গুলজার আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন বাড়ির তিনটি বসতঘরে ছড়িয়ে পড়ে। বৈদ্যুতিক ঝুঁকির কারণে প্রথমে কেউ আগুন নেভাতে এগিয়ে আসেননি। প্রায় দুই ঘণ্টা ধরে আগুন জ্বলতে থাকে এবং স্থানীয়দের চেষ্টায় পরে আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর, ঘরের টিন, আসবাবপত্র, নগদ টাকা, খাদ্যশস্য ও পরিধেয় বস্ত্রসহ সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে।
ঘটনার সময় বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না। কৃষক বাহাদুর আলী মাঠে কাজ করছিলেন এবং তার স্ত্রী-সন্তানরা একটি বিয়ের অনুষ্ঠানে ছিলেন।
ক্ষতিগ্রস্ত বাহাদুর আলী বলেন, “আগুনে আমার সবকিছু পুড়ে গেছে। পরনের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।”
এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের বিষয়ে খোঁজ নেওয়া হবে এবং সরকারি সহায়তা প্রদান করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.