কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি উপজেলায় চলমান এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগে একটি কেন্দ্রের সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (৬ মে) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উল আরেফিনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার খাসেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বুধবার এসএসসি পরীক্ষা চলাকালে অব্যবস্থাপনা ও দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ ওঠে। এ অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. ইয়ামিনকে চলমান পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তার পরিবর্তে কয়ারিয়া ঈদগাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লালমিয়া জমাদারকে নতুন কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্র জানায়, এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। কেন্দ্র সচিবের বিরুদ্ধে দায়িত্বে অবহেলাসহ বিভিন্ন অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়ায় এ কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন বলেন, পরীক্ষার পবিত্রতা রক্ষা এবং শিক্ষার্থীদের জন্য সুন্দর ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। যেকোনো ধরনের অনিয়ম বা অবহেলা পরিলক্ষিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.