ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারীতে পারিবারিক কলহের জেরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নিলুফা বেগম (৫০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) পৌরসভার ছোলনা–কুশাডাঙ্গা অরক্ষিত রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নিলুফা বেগম উপজেলার ছোলনা গ্রামের বাসিন্দা আরব আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অভিমান করে নিলুফা বেগম ঘর থেকে বের হয়ে যান এবং সরাসরি রেললাইনের দিকে চলে যান। পরে কুশাডাঙ্গা রেলগেট এলাকায় পৌঁছালে গোপালগঞ্জের গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনের সামনে তিনি ঝাঁপ দেন।
ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিলুফা বেগমকে মৃত ঘোষণা করেন।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সিঞ্চন সাহা বলেন, হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে (জিআরপি) জানানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.