যশোর প্রতিনিধি
যশোরের গ্রামীণ স্বাস্থ্যসেবা ব্যবস্থা চরম সংকটে পড়েছে। জেলার আট উপজেলায় থাকা ২৮৪টি কমিউনিটি ক্লিনিক গত ছয় মাস ধরে ওষুধশূন্য অবস্থায় রয়েছে। ফলে প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যত ভেঙে পড়েছে। ওষুধ না পেয়ে সাধারণ মানুষ ক্লিনিক বিমুখ হয়ে পড়ছেন, অন্যদিকে দায়িত্বরত হেলথকেয়ার প্রোভাইডাররা রোগীদের শুধু পরামর্শ দিয়েই দায়িত্ব পালন করছেন।
স্থানীয়দের অভিযোগ, একসময় গ্রামের মানুষ সহজেই কমিউনিটি ক্লিনিক থেকে প্রয়োজনীয় ওষুধ পেতেন। কিন্তু গত বছরের সেপ্টেম্বরের পর থেকে কোনো ধরনের ওষুধ সরবরাহ না হওয়ায় রোগীদের এখন উপজেলা কিংবা জেলা হাসপাতালের শরণাপন্ন হতে হচ্ছে। এতে দরিদ্র ও নিম্নআয়ের মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, যশোরের আট উপজেলায় মোট ২৮৪টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। এসব ক্লিনিকে সাধারণ রোগের জন্য বিনামূল্যে ২২ ধরনের ওষুধ সরবরাহ করা হতো। এর মধ্যে ছিল জ্বর, সর্দি-কাশি, আমাশয়, গ্যাস, ব্যথা, এলার্জি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শিশুদের শ্বাসকষ্টসহ নানা রোগের ওষুধ। তবে গত ছয় মাস ধরে এসব ওষুধের কোনো সরবরাহ নেই।
চৌগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী রহিম সরদার বলেন, “আগে নিয়মিত ক্লিনিক থেকে ওষুধ নিতাম। এখন ছয় মাস ধরে কোনো ওষুধ পাওয়া যাচ্ছে না। গত বৃহস্পতিবার এলার্জির ওষুধ নিতে গিয়ে খালি হাতে ফিরতে হয়েছে।
সদর উপজেলার কাঠামারা গ্রামের কলেজছাত্রী আমেনা খাতুন বলেন, “জ্বর বা সর্দি হলে আগে কমিউনিটি ক্লিনিকেই যেতাম। এখন ওষুধ না থাকায় সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে।”
একই গ্রামের রোজিনা বেগম বলেন, “আমরা গরিব মানুষ। ক্লিনিকের ওষুধই ছিল ভরসা। এখন ওষুধ না থাকায় খুব কষ্টে আছি।”
বাঘারপাড়ার নারিকেলবাড়িয়া গ্রামের হেমন্ত সরকার জানান, পরিবারের সবাই সর্দি-জ্বরে আক্রান্ত হলেও ক্লিনিকে গিয়ে কোনো ওষুধ পাননি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার জানান, রোগীরা প্রতিদিন ওষুধের জন্য আসছেন। কিন্তু ওষুধ না থাকায় তাদের জবাব দিতে দিতে ক্লান্ত হয়ে পড়তে হচ্ছে। দ্রুত ওষুধ সরবরাহের দাবি জানান তারা।
এ বিষয়ে যশোরের সিভিল সার্জন বলেন, “গত ছয় মাসের বেশি সময় ধরে জেলার ২৮৪টি কমিউনিটি ক্লিনিকে ওষুধ সংকট রয়েছে। ওষুধ ক্রয়ের খাতে অর্থ না থাকায় এ সমস্যা তৈরি হয়েছে। বর্তমানে ক্রয় প্রক্রিয়া চলমান রয়েছে। আশা করছি, মে মাসের শেষ দিকে ক্লিনিকগুলোতে আবার ওষুধ সরবরাহ শুরু হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.