চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর চারঘাট উপজেলার দীর্ঘদিনের যাতায়াত সমস্যার সমাধানে ১ হাজার ৫০০ মিটার পাকা সড়ক উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সকালে ফলক উন্মোচন ও দোয়া-মোনাজাতের মাধ্যমে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন রাজশাহী-৬ (চারঘাট–বাঘা) আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অধীনে বাস্তবায়িত এ প্রকল্পে সড়কের কার্পেটিং, প্রশস্তকরণ এবং ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন করা হবে। প্রকল্পটি সম্পন্ন হলে চারঘাট উপজেলার কয়েকটি গ্রামের হাজারো মানুষের জেলা শহরের সঙ্গে যোগাযোগ সহজ হবে বলে আশা করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ চাঁদ বলেন, “গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়নই আমার মূল লক্ষ্য। এই সড়ক শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কৃষিপণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কাজের মান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্প সম্পন্ন করা হবে।”
স্থানীয়রা জানান, বর্ষাকালে কাঁচা সড়কটি কর্দমাক্ত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ত। বিশেষ করে শিক্ষার্থী ও রোগীদের নিয়ে চরম দুর্ভোগ পোহাতে হতো। এ উন্নয়ন কাজের উদ্বোধনে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাহাতুল করিম মিজান, উপজেলা প্রকল্প উন্নয়ন বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, ভায়ালক্ষীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, সহকারী প্রকৌশলী আশিকুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধন শেষে দেশের উন্নতি ও এলাকার মানুষের কল্যাণ কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.