ফরিদপুর প্রতিনিধি
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত বাংলাদেশি নারী শ্রমিক দিপালী বেগমের (৩৪) মরদেহ অবশেষে এক মাস পর দেশে পৌঁছেছে।
শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার শালেপুর গ্রামে তার মরদেহ পৌঁছায়। এর আগে বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দিপালীর মরদেহবাহী উড়োজাহাজ অবতরণ করে।
বিমানবন্দরে মরদেহ গ্রহণ করতে উপস্থিত ছিলেন দিপালীর বাবা শেখ মুকা, বড় ভাই শেখ ওবায়দুল্লাহ এবং ছোট বোন লাইজু আক্তার। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপস্থিত থেকে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন।
মরদেহ হস্তান্তরের সময় প্রতিমন্ত্রী বলেন, “কোনো কিছুর বিনিময়ে জীবিত দিপালীকে আর ফিরিয়ে আনা যাবে না। সরকারের পক্ষ থেকে পরিবারের জন্য আরও যা করার প্রয়োজন, সে বিষয়ে আমরা সচেষ্ট আছি। ইনশা আল্লাহ, আমরা সব সময় দিপালীর পরিবারের পাশে থাকব।”
মরদেহ দেশে আনতে বিলম্বের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে বিভিন্ন দেশের সঙ্গে সমন্বয়, ফ্লাইট চালু থাকা এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সময় লেগেছে।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সরকারি ব্যবস্থাপনায় অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা রাতেই গ্রামের উদ্দেশে রওনা হন। ঢাকার দোহার উপজেলার মৈনট ঘাট পর্যন্ত পৌঁছাতে রাত সাড়ে ৩টা বেজে যায়। পরে ভোর ৬টার দিকে ট্রলারে করে তারা চরভদ্রাসনের আদারচর ঘাটে পৌঁছান। সেখান থেকে ঘোড়ার গাড়িতে মরদেহ নেওয়া হয় উপজেলার পূর্ব শালেপুর মুন্সীরচর গ্রামের বাড়িতে।
শুক্রবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দিপালী বেগমের দাফন সম্পন্ন করা হয়।
দিপালীর ছোট বোন লাইজু আক্তার বলেন, “দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বোনের মরদেহ শেষবারের মতো দেখতে পারছি। এটাই আমাদের বড় সান্ত্বনা।”
ফরিদপুর প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক মো. আশিক সিদ্দিকী জানান, দাফন খরচ বাবদ বিমানবন্দর থেকেই পরিবারকে ৩৫ হাজার টাকা দেওয়া হয়েছে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী পরবর্তীতে আরও তিন লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল বৈরুতের একটি ভবনে ইসরায়েলি বিমান হামলায় দিপালী বেগম গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় -এ তার মৃত্যু হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.