রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দক্ষ ও বিজ্ঞ আইনজীবী ছাড়া মানসম্মত বিচারব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। এজন্য আইনজীবীদের পেশাগত দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি জানান, ব্রিটিশ একটি প্রতিষ্ঠানের সহযোগিতায় শিগগিরই দেশের সব জেলা আইনজীবী সমিতিতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
শুক্রবার( ৮মে) খুলনা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নবীন আইনজীবীদের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, “বিজ্ঞ বিচারক তৈরি করতে হলে আগে বিজ্ঞ ও দক্ষ আইনজীবী গড়ে তুলতে হবে।” তিনি আরও বলেন, প্রভাবমুক্ত বিচার বিভাগ প্রতিষ্ঠা করা গেলে দেশে প্রকৃত ন্যায়বিচার নিশ্চিত হবে। বিচারালয়কে মানুষের আস্থার জায়গা ও তীর্থস্থানের মতো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করতে আইনজীবীদের সততা, নিষ্ঠা ও পেশাগত যোগ্যতা বৃদ্ধির বিকল্প নেই।
নবীন আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, আইন পেশায় সাফল্য অর্জনের জন্য অধ্যবসায়, নৈতিকতা ও দায়িত্ববোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেদের দূরে রেখে পেশার মর্যাদা অক্ষুণ্ন রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, সংসদ সদস্য আমীর এজাজ খান, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল, সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজী এবং জেলা প্রশাসক হুরে জান্নাত।
খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ মাসুম রশীদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোল্লা মশিয়ুর রহমান নান্নু।
এর আগে আইনমন্ত্রী খুলনা জেলা জজ আদালতের কনফারেন্স রুমে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে এক পরিচিতি সভায় বক্তব্য দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.