আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটা থানা পুলিশের অভিযানে ভারতীয় রেনু পোনা আটক করা হয়েছে। পরে দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম ও উপজেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে দেবহাটার বসন্তপুর খালে সেগুলো অবমুক্ত করা হয়েছে। আটকৃত রেনু অবমুক্ত করার সময় সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত সকলকে সতর্ক করেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম।
সংশ্লিষ্ট পুলিশ সূত্র মতে, শনিবার (৯ মে) রাত ১২টার দিকে থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনাকালে দেবহাটা থানাধীন কুলিয়া বাজারে সাতক্ষীরা দধি ঘরের সামনে পুলিশের গাড়ি দেখে অজ্ঞাতনামা মোটরসাইকেল চালক ও একজন আরোহী তাদের কাছে থাকা একটি বস্তা দধি ঘরের সামনে রাস্তার উপর ফেলে পালিয়ে যায়। পুলিশ স্থানীয় লোকজনের উপস্থিতিতে বস্তা খুলে বস্তা থেকে ৫টি পলিথিন ভর্তি চিংড়ি মাছের রেনু উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত প্রতিটি পলিথিনে ২০-২৫ হাজার চিংড়ির রেনু রয়েছে। উক্ত রেনুর মূল্য আনুমানিক ২ লক্ষ ৭৫ হাজার টাকা হবে বলে জানা গেছে।
এ বিষয়ে দেবহাটা উপজেলা মৎস্য কর্মকর্তাকে অবহিত করা হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় রাতেই জব্দকৃত রেনু পোনা বসন্তপুর খালে অবমুক্ত করা হয়। এ সময় দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম, এসআই নকীব পানু এবং সংগীয় ফোর্সসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ওসি আব্দুল আলিম জানান, কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা লাভের আশায় অবৈধ পথে ভারতীয় রেনু পোনা এনে আমাদের দেশীয় হ্যাচারির সুনাম নষ্ট করছে। তাই এই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত আছে। তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেনু পোনাগুলো জব্দ করে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় খালে অবমুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, গত কয়েকদিনে পুলিশের পৃথক পৃথক অভিযানে ২০ বল ভারতীয় রেনু পোনা জব্দ করা হয়। পরে সেগুলো ইছামতী নদী ও বসন্তপুর খালে অবমুক্ত করা হয়েছিল।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.