স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মাওলানা সিরাজুল ইসলাম (৫৫)-কে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। প্রথমে তাকে লোহাগড়া হাসপাতালে আনা হলে অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
শুক্রবার (৮ মে) রাত ৮টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের রাইপাশা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত মাওলানা সিরাজুল ইসলাম ৪ নম্বর ওয়ার্ডের পাঁচবার নির্বাচিত সাবেক সদস্য এবং রাইপাশা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজুল ইসলাম লোহাগড়া বাজার থেকে কাজ শেষে শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে তার সহযোগী আকিদুল ইসলামকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। রাইপাশা গ্রামের বাবলু শেখের বালুর চাতালের পাশে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ৭-৮ জন সশস্ত্র দুর্বৃত্ত তাদের পথরোধ করে। এ সময় দুর্বৃত্তরা সিরাজুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। সিরাজুলের চিৎকার শুনে তার সহযোগী আকিদুল দৌড়ে গিয়ে স্থানীয় লোকজনকে খবর দেন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহমান শনিবার (৯ মে) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলামের ওপর হামলার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। তবে জড়িতদের শনাক্ত করতে এলাকায় অভিযান চালানো হচ্ছে। দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.