দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঠোটারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রম পরিচালিত হয়।
ক্যাম্পে সীমান্তবর্তী এলাকার অসহায়, দুস্থ ও হতদরিদ্র মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। প্রায় ৩৫০ জন নারী, পুরুষ, শিশু ও বয়স্ক রোগী এ সেবা গ্রহণ করেন।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিত এ ধরনের মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে চোরাচালান প্রতিরোধ, সীমান্ত সুরক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষায়ও সংস্থাটি দায়িত্ব পালন করছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় সীমাবদ্ধ নয়, বরং সীমান্তবর্তী মানুষের জীবনমান উন্নয়নেও কাজ করছে। প্রান্তিক জনগোষ্ঠী যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে এবং সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করে যাবে।
স্থানীয়রা বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্গম এলাকায় এমন চিকিৎসা সেবা সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.