আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজার এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধ রক্ষা কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু কাজ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজার সংলগ্ন মরিচ্চাপ নদী পুনঃখননের পর স্রোতের তীব্রতায় বাঁধ এলাকায় ব্যাপক ভাঙন শুরু হয়। এতে বাজারের অসংখ্য দোকান, ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়ে। গুরুত্বপূর্ণ এ গোয়ালডাঙ্গা বাজারে প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত বাণিজ্যিক কার্যক্রম চলমান থাকে এবং আশপাশের এলাকার পাশাপাশি দূর-দূরান্ত থেকেও ক্রেতারা আসেন।
বাঁধ ও বাজার রক্ষায় পাউবো প্রায় ১৬ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে কাজ শুরু করে। ঠিকাদারি প্রতিষ্ঠান খুলনার আমিন এন্ড কোং এ কাজ বাস্তবায়ন করছে। তবে স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের নকশা অনুযায়ী পাইলিংয়ের ভেতরে জিও ব্যাগে বালু ভরাট করে ডাম্পিং করার কথা থাকলেও কিছু অংশে পাইলিং ছাড়াই জিও ব্যাগ ফেলা হচ্ছে।
এলাকাবাসী ও স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে প্রায় ১০০–১৫০ ফুট এলাকায় পাইলিং ছাড়া কাজ চলতে দেখে অনিয়মের বিষয়টি নিশ্চিত হন। পরে বিষয়টি ইউএনও এবং পাউবো’র সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হয়।
সাইটে দায়িত্বে থাকা একজন কর্মকর্তা মোবাইল ফোনে পাইলিংয়ের ভেতরে কাজ করার কথা স্বীকার করলেও কেন নির্দেশনা মানা হয়নি সে বিষয়ে স্পষ্ট জবাব দিতে পারেননি।
এ বিষয়ে পাউবো’র উপ-বিভাগীয় প্রকৌশলী (এসডিই) রাশিদুল ইসলাম বলেন, “আমি সরেজমিনে কাজ দেখিয়ে দিয়ে এসেছি। পাইলিংয়ের ভেতরে কাজ করতে হবে। নির্দেশনা না মানলে ব্যবস্থা নেওয়া হবে।”
অন্যদিকে ঠিকাদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু বলেন, “আপাতত কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। নির্বাহী প্রকৌশলীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপস্থিত কর্মকর্তাদের নির্দেশনায় শ্রমিকদের পাইলিং ছাড়া কাজ না করতে সতর্ক করে কাজ বন্ধ রাখা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.