মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নোংরা পরিবেশ, অপরিচ্ছন্ন ওয়ার্ড ও চরম অব্যবস্থাপনার কারণে রোগী ও তাদের স্বজনদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা গেছে, মেঝেজুড়ে ময়লা-আবর্জনা ছড়িয়ে রয়েছে। দীর্ঘদিন পরিষ্কার না করায় টয়লেটগুলো থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, যা রোগী ও স্বজনদের জন্য অসহনীয় হয়ে উঠেছে।
রোগীদের অভিযোগ, হাসপাতালে পর্যাপ্ত পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা না থাকায় সংক্রমণের ঝুঁকি বাড়ছে। অনেক রোগীকে নোংরা বেডে চিকিৎসা নিতে বাধ্য হতে হচ্ছে। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনায় অবহেলার কারণে হাসপাতালের বিভিন্ন স্থানে চিকিৎসা বর্জ্য ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে।
একজন রোগীর স্বজন বলেন, “হাসপাতালের পরিবেশ এতটাই নোংরা যে রোগ সারাতে এসে উল্টো নতুন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।”
স্বজনদের অভিযোগ, হাসপাতালে সেবার মানও অত্যন্ত নিম্নমানের। প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সংকটের পাশাপাশি অনেক সময় চিকিৎসক ও নার্সদের উপস্থিতিও পর্যাপ্ত থাকে না। দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেক রোগী চিকিৎসাসেবা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, দ্রুত হাসপাতালের পরিবেশ উন্নয়ন, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত এবং রোগীদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে জানতে চাইলে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী মো. আবু আহসান বলেন, “পর্যাপ্ত পরিচ্ছন্নতাকর্মী না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ৩১ শয্যার হাসপাতালের বিপরীতে প্রতিনিয়ত ১০০ থেকে ১৫০ রোগী ভর্তি থাকে। সীমিত জনবল নিয়ে অতিরিক্ত রোগীর চাপ সামলাতে আমাদের হিমশিম খেতে হচ্ছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.