দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম শেফা খাতুন (১১)। সে কুষ্টিয়া সদর উপজেলার কুমারগাড়া এলাকার আক্তার হোসেনের মেয়ে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার (১০ মে) সকালে হামের উপসর্গ নিয়ে শেফাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে রোববার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. নাসরিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মার্চ মাসের মাঝামাঝি সময়ে জেলায় হামের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল, কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১ হাজার ২১৩ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন প্রাপ্তবয়স্ক রোগীও রয়েছেন।
তিনি আরও জানান, এ পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১২ জন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৭ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১০৭ জন শিশু।
এদিকে জেলায় হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্বাস্থ্য বিভাগ সবাইকে শিশুদের টিকাদান নিশ্চিত করার পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসকের কাছে নেওয়ার পরামর্শ দিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.