নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
টঙ্গীে সামান্য বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সোমবার (১১ মে) দুপুরে হওয়া হালকা বৃষ্টির পরপরই সড়কে পানি জমে জনদুর্ভোগ দেখা দেয়। এতে পথচারী, যানবাহন চালক ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েন।
সরেজমিনে দেখা যায়, গাজীপুর সিটি করপোরেশনের জোন-১ এবং সাবেক টঙ্গী পৌর এলাকার কলেজ রোড, সফিউদ্দিন রোড, মোক্তার বাড়ি রোড, হোসেন মার্কেট সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, খাঁ পাড়া রোড, সাতাইশ রোড, সমাজকল্যাণ রোড ও এরশাদ নগরসহ বিভিন্ন এলাকায় পানি জমে যায়। অনেক স্থানে দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে দীর্ঘ সময় পানি আটকে থাকে।
রিকশাচালক ইসলাম বলেন, “বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায়। এতে রিকশা চালাতে সমস্যা হয়, অনেক সময় যানবাহনের ক্ষতিও হয়।”
স্থানীয় ব্যবসায়ী কামাল জানান, সামান্য বৃষ্টিতেই দোকানের সামনে পানি জমে থাকে, ফলে ক্রেতা কমে যায় এবং ব্যবসায় ক্ষতি হচ্ছে।
এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ মো. খালেক বলেন, দীর্ঘদিন ধরে কিছু এলাকায় পানি নিষ্কাশনের সমস্যা রয়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বাড়বে।
অন্যদিকে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী জোন-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জহিরুল ইসলাম জানান, সিটি করপোরেশনের পক্ষ থেকে নিয়মিত ড্রেন পরিষ্কার কার্যক্রম চলছে। বৃষ্টি বন্ধ হওয়ার কিছু সময়ের মধ্যেই অধিকাংশ এলাকার পানি নেমে যায়।
স্থানীয়দের দাবি, স্থায়ী জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও নিয়মিত রক্ষণাবেক্ষণে আরও কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.