নাজিম বকাউল, ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আফজাল হোসেন খান পলাশ বলেছেন, জেলা পরিষদের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং ফরিদপুরকে একটি আধুনিক ও সুন্দর জেলা হিসেবে গড়ে তুলতে তিনি বদ্ধপরিকর। বিশেষ করে ফরিদপুর প্রেস ক্লাবের অবকাঠামোগত উন্নয়ন এবং সাংবাদিকদের কল্যাণে তিনি সবসময় পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন।
সোমবার (১১ মে) রাতে ফরিদপুর প্রেস ক্লাবের লিয়াকত হোসেন মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। একই সঙ্গে জেলার উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনতে দ্রুত একটি আধুনিক পিকনিক কর্নার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
আফজাল হোসেন খান পলাশ আরও বলেন, দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চান তিনি। ফরিদপুরকে মাদকমুক্ত ও যানজটমুক্ত শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন।
ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে ক্লাবের সদস্যরা প্রশাসকের রাজনৈতিক দূরদর্শিতা ও জনসম্পৃক্ততার প্রশংসা করেন। বক্তারা বলেন, সাংবাদিক পরিবারের সন্তান হওয়ায় তিনি সংবাদকর্মীদের দুঃখ-দুর্দশা গভীরভাবে অনুধাবন করতে পারেন।
অনুষ্ঠানে বক্তারা জেলা পরিষদের নিজস্ব পাঠাগার, যাত্রী ছাউনিসহ ঝিমিয়ে পড়া সেবামূলক কার্যক্রমগুলো পুনরায় চালুর দাবি জানান। তারা আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মনোনীত এই প্রশাসক ফরিদপুরবাসীর প্রত্যাশা পূরণে সক্ষম হবেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মিজানুর রহমান মানিক, সিনিয়র সাংবাদিক নাজিম বকাউল, পান্না বালা, মাহফুজুল আলম মিলন, আশরাফুজ্জামান দুলালসহ প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত প্রশাসককে ফরিদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.