মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুর পৌরসভায় গৃহনির্মাণের নকশা অনুমোদন প্রক্রিয়ায় বিলম্ব, অনিয়ম ও অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ উঠেছে পৌরসভার নকশাকার এসএম রবিউল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় পৌর প্রশাসকের দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন এক ভুক্তভোগী।
লিখিত অভিযোগে মোছা. লাবণী খাতুন দাবি করেন, গৃহনির্মাণ ঋণের দ্বিতীয় কিস্তি উত্তোলনের জন্য নকশা অনুমোদনের আবেদন করলেও দীর্ঘ সময় ধরে কোনো অগ্রগতি হয়নি। সরকারি ফি পরিশোধের পরও “মিটিং বাবদ” অতিরিক্ত অর্থ নেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগকারী আরও জানান, নকশা অনুমোদনের জন্য একাধিক স্বাক্ষরের কথা বলে প্রতি স্বাক্ষরে ১০ হাজার টাকা করে দাবি করা হয়। একই সময়ে আবেদন করা অন্য একজনের নকশা অনুমোদন হলেও তার আবেদন দীর্ঘদিন ঝুলিয়ে রাখা হয়েছে। এতে গৃহনির্মাণ কাজ ও ব্যাংক ঋণ প্রক্রিয়া জটিলতার মুখে পড়েছে বলে তিনি জানান।
এ বিষয়ে বিরামপুর পৌরসভার নকশাকার এসএম রবিউল ইসলাম মুঠোফোনে অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আমাকে হয়রানি করার উদ্দেশ্যে এসব বলা হচ্ছে।”
স্থানীয়রা মনে করেন, নাগরিক সেবার গুরুত্বপূর্ণ খাত হিসেবে পৌরসভার নকশা অনুমোদন প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন সচেতন মহল।
এ বিষয়ে বিরামপুর পৌরসভার প্রশাসক তানজিনা খাতুন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.