মনিরামপুর (যশোর) প্রতিনিধি
“আধুনিক প্রযুক্তি, দক্ষ খামারি, সমৃদ্ধ ডেইরি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের মনিরামপুরে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে ২০২৬) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে মনিরামপুর ও কেশবপুর উপজেলার প্রায় শতাধিক দুগ্ধ খামারি, কৃষি উদ্যোক্তা এবং প্রাণিসম্পদ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। কর্মশালায় আধুনিক পদ্ধতিতে গবাদিপশু পালন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, কৃত্রিম প্রজনন, দুধ উৎপাদন বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর খামার পরিচালনা, বাজারজাতকরণ এবং লাভজনক ডেইরি খামার গড়ে তোলার বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের এরিয়া ম্যানেজার মো. হারুনুর রশিদের সভাপতিত্বে এবং আইয়ুব আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সম্রাট হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. তৌহিদুল ইসলাম, মনিরামপুর থানার অফিসার ইনচার্জ মো. আবু সাঈদ, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. মাশুক শাহরিয়ার এবং ভেটেরিনারি সার্জন ডা. জেড.এম. হাসিব-উল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সম্রাট হোসেন বলেন, “বর্তমান সময়ে কৃষি ও প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। আধুনিক প্রযুক্তির ব্যবহার ছাড়া টেকসই ও লাভজনক ডেইরি খামার গড়ে তোলা সম্ভব নয়। খামার ব্যবস্থাপনায় পরিচ্ছন্নতা, সময়মতো টিকা প্রদান, উন্নত জাতের গবাদিপশু নির্বাচন এবং তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে দেশের দুধ উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং দুগ্ধ শিল্প হবে আরও সমৃদ্ধ ও টেকসই।”
তিনি আরও বলেন, “যুবসমাজকে কর্মসংস্থানের নতুন সম্ভাবনা হিসেবে ডেইরি খামারের দিকে এগিয়ে আসতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করলে খামারিরা আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি দেশের পুষ্টি চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।”
প্রধান আলোচক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. তৌহিদুল ইসলাম বলেন, “বৈজ্ঞানিক পদ্ধতিতে খামার পরিচালনার ফলে বর্তমানে দুধ উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এবং খামারিরা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন। গবাদিপশুর সঠিক পরিচর্যা, নিয়মিত টিকাদান, পরিচ্ছন্ন পরিবেশ ও আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারলে ডেইরি শিল্প আরও এগিয়ে যাবে।”
তিনি খামারিদের উদ্দেশ্যে আরও বলেন, “খামারে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। মোবাইলভিত্তিক তথ্যসেবা, আধুনিক খাদ্য ব্যবস্থাপনা ও রোগ নির্ণয় পদ্ধতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে। নিরাপদ ও মানসম্মত দুধ উৎপাদনের মাধ্যমে আন্তর্জাতিক বাজারেও সম্ভাবনা তৈরি করা সম্ভব।”
প্রশিক্ষণে ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের ভেটেরিনারি সার্জন ডা. জেড.এম. হাসিব-উল ইসলাম মডেল ডেইরি ফার্ম গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, গাভীকে খোলা পরিবেশে পালন ও ২৪ ঘণ্টা বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করলে দুধ উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এছাড়া বর্ষাকালে খাদ্য সংকট মোকাবিলায় সাইলেজ প্রস্তুত, কমপ্লিট মিল্কিং, খামারের হাইজিন ও স্যানিটেশন ব্যবস্থা উন্নত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রশিক্ষকরা হাতে-কলমে খামারিদের আধুনিক গো-খাদ্য প্রস্তুত, দুধ সংরক্ষণ, স্বাস্থ্যবিধি রক্ষা, উৎপাদন ব্যয় কমানো এবং প্রযুক্তিনির্ভর খামার ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। বাস্তব অভিজ্ঞতার আলোকে খামারিদের নানা সমস্যা ও করণীয় নিয়েও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
অংশগ্রহণকারী খামারিরা প্রশিক্ষণকে সময়োপযোগী ও বাস্তবধর্মী উল্লেখ করে বলেন, এ ধরনের উদ্যোগ তাদের আধুনিক জ্ঞান ও প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করবে এবং আরও লাভজনকভাবে খামার পরিচালনায় সহায়ক হবে। তারা ব্র্যাক ডেইরির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.