জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলায় আধুনিক ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদের নির্ধারিত স্থানে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মোঃ মাসুদ রানা প্রধান।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ক্রীড়া সংগঠক, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। আধুনিক ইনডোর স্টেডিয়াম নির্মিত হলে উপজেলার তরুণ ও ক্রীড়াবিদরা সারা বছর বিভিন্ন ধরনের খেলাধুলা ও প্রশিক্ষণের সুযোগ পাবে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক মোঃ মাসুদ রানা প্রধান বলেন, যুব সমাজকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে ক্রীড়া অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। কালাই উপজেলার ক্রীড়াঙ্গনের উন্নয়নে এই ইনডোর স্টেডিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আধুনিক এই স্টেডিয়াম নির্মিত হলে দীর্ঘদিনের ক্রীড়াবিদদের প্রত্যাশা পূরণ হবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরির সুযোগ সৃষ্টি হবে।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, প্রকল্পটি বাস্তবায়ন করছে জয়পুরহাট জেলা পরিষদ। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত নির্মাণ কাজ শেষ করার আহ্বান জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.