অশোক মুখার্জি, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
নৌ নিরাপত্তা সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার সকাল ১১টায় পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
পায়রা বন্দর কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাবক-এর হারবার অ্যান্ড মেরিন সদস্য কমডোর মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল বলেন, সড়কপথের তুলনায় নৌপথে দুর্ঘটনা কম হলেও নৌযান চালকদের অসাবধানতা ও ফিটনেসবিহীন নৌযান চলাচলের কারণে দুর্ঘটনা ঘটছে। তিনি বলেন, নৌযান চালক, মালিক ও যাত্রীরা সচেতন হলে এসব দুর্ঘটনা রোধ করা সম্ভব।
স্বাগত বক্তব্যে কমডোর মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী জানান, ২০২৫ সালে সারাদেশে প্রায় ১৩২টি ছোট-বড় নৌ-দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় অন্তত ১৫৮ জন নিহত, প্রায় ১৩৯ জন আহত এবং আনুমানিক ৩৮ জন নিখোঁজ হয়েছেন। তিনি বলেন, নৌপথে ছোট-বড় দুর্ঘটনা ও ডাকাতির ঘটনা আগের তুলনায় বেড়েছে। পাশাপাশি ফেরিঘাটগুলোতে অব্যবস্থাপনা ও ধারণক্ষমতার বেশি যাত্রী পরিবহনের কারণেও ঝুঁকি বাড়ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ, প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপুসহ নৌযান মালিক ও চালকরা।
অনুষ্ঠান শেষে কলাপাড়ার মৎস্য বন্দর মহিপুরে জেলেদের মাঝে নৌ নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করেন পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.