শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
শ্যামনগরে ভোগদখলীয় জমিতে জোরপূর্বক খাল খননের অপচেষ্টার অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) শ্যামনগর উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে জমির মালিকদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বড়কুপট গ্রামের মালি বাড়ির মরহুম মকবুল মালির পুত্র মোফাজ্জেল হোসেন।
তিনি বলেন, তাদের দীর্ঘদিনের ভোগদখলীয় জমিতে জোরপূর্বক খাল খননের চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করলেও এখনো কোনো কার্যকর প্রতিকার পাওয়া যায়নি বলে তিনি অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি আরও জানান, সরকারি বন্দোবস্তপ্রাপ্ত ১নং খাস খতিয়ানভুক্ত হলেও দলিলমূলে ওই সম্পত্তি উত্তরাধিকারীদের নামে রয়েছে। ১৯৭৮ সালের বিভিন্ন রেজিস্ট্রি দলিল অনুযায়ী জে.এল নং-১০৬, এসএ দাগ নং-১১১৮ এবং হাল দাগ নং-৬৬৯৬, ৬৭৩৯, ৬৭৪০, ৬৭৭১সহ একাধিক দাগে মোট ৭ একর ৫০ শতক জমি রয়েছে।
তিনি দাবি করেন, জমিটি দীর্ঘদিন ধরে বৈধভাবে ভোগদখলে রয়েছে এবং সেখানে বসতবাড়ি, পুকুর, গাছপালা ও কৃষি কার্যক্রম পরিচালিত হচ্ছে। নিয়মিত রাজস্ব কর ও খাজনাও পরিশোধ করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, বিএডিসি কর্তৃপক্ষকে ভুল বুঝিয়ে ওই জমির ওপর দিয়ে খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে এলাকায় শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে তারা জানান।
ভুক্তভোগীরা প্রশাসনের কাছে দাবি জানান, তাদের স্বত্বাধিকার ও দীর্ঘদিনের ভোগদখলীয় জমির ওপর দিয়ে কোনো ধরনের খাল খনন বা কার্যক্রম না চালানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.