মো.ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নিরাপদ ও স্বাস্থ্যসম্মতভাবে পশু জবাই এবং মাংস প্রক্রিয়াজাতকরণ নিশ্চিত করতে দিনাজপুরের বিরামপুরে মাংস প্রক্রিয়াজাতকারীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মোছাঃ তানজিনা খাতুন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিশেষ অতিথি হিসেবে ডা. বিপুল কুমার চক্রবর্তী বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, ঈদ-উল-আযহাকে সামনে রেখে স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশে পশু জবাই নিশ্চিত করা অত্যন্ত জরুরি। জনস্বাস্থ্য রক্ষা এবং পরিবেশ দূষণ রোধে নির্ধারিত নিয়ম মেনে কোরবানির পশু জবাই ও মাংস প্রক্রিয়াজাতকরণ করতে হবে।
মতবিনিময় সভায় উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়ন ও পৌর এলাকার মাংস বিক্রেতারা অংশ নেন। মোট ৩৩ জন মাংস বিক্রেতার মধ্যে প্রায় ২১ জন উপস্থিত ছিলেন। এ সময় অংশগ্রহণকারীরা নির্ধারিত স্থানে একসঙ্গে গরু ও ছাগল জবাইয়ের ব্যবস্থা গ্রহণের প্রস্তাব দেন, যাতে পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং মাংস ব্যবস্থাপনা সহজ হয়।
তারা পশু জবাইকারীদের জন্য প্রশিক্ষণ ও সনদ বাধ্যতামূলক করার দাবি জানান। পাশাপাশি বৈধভাবে জবাইকৃত নিরাপদ মাংস স্থানীয় হোটেল ও ব্যবসায়ীরা যেন স্থানীয় উৎস থেকেই সংগ্রহ করেন, সে বিষয়েও আহ্বান জানান।
এছাড়া অবৈধভাবে বা অসুস্থ পশুর মাংস রাতের আঁধারে বিক্রি বা সরবরাহ বন্ধে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিনা খাতুন বলেন, কোনো অসাধু ব্যবসায়ী যদি অবৈধ বা অসুস্থ পশুর মাংস বিক্রির চেষ্টা করে, তবে দ্রুত প্রশাসনকে জানাতে হবে। এ ধরনের অপরাধ কঠোরভাবে দমন করা হবে। তিনি আরও জানান, নিরাপদ ও সুষ্ঠুভাবে কোরবানির পশু জবাই কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় নিরাপদ মাংস সরবরাহ, স্বাস্থ্যবিধি অনুসরণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.