শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরে একটি জমিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। এতে মালয়েশিয়া প্রবাসী আউয়াল হোসেন মালের জমি দখলের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করেছেন প্রবাসীর ছোট ভাই আফজাল মাল। তবে অভিযুক্ত পক্ষ জমি দখলের অভিযোগ অস্বীকার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় আদালতের পক্ষ থেকে ১৪৪ ও ১৪৫ ধারা জারি করা হয়েছে।
স্থানীয় সূত্র ও মামলার এজাহার অনুযায়ী, সদর উপজেলার চিতলীয়া ইউনিয়নের কাশিপুর মুসলিমপাড়া এলাকায় আবুল হোসেন মালের ছেলে আফজাল হোসেন মাল (৩২) দাবি করেন, তাদের ওয়ারিশসূত্রে প্রাপ্ত ও রেকর্ডভুক্ত জমি দীর্ঘদিন ধরে তারা ভোগদখল করে আসছেন। কিন্তু স্থানীয় সাইফুল ইসলাম মাল ও তার পরিবারের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের চেষ্টা এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে।
অভিযোগে বলা হয়, ১২ মে মঙ্গলবার সাইফুল ইসলামের নেতৃত্বে ২০–২৫ জন লোক ওই জমিতে প্রবেশ করে সীমানায় খুঁটি পুঁতে দখলের চেষ্টা চালায়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়।
মালয়েশিয়া প্রবাসী আউয়াল হোসেন মাল মুঠোফোনে বলেন, তিনি দীর্ঘদিন প্রবাসে থাকলেও তার পরিবারের সদস্যরা ওই জমিতে বসবাস করছেন। তার অভিযোগ, পরিকল্পিতভাবে জমি দখলের চেষ্টা করা হয়েছে এবং পরিবারকে ভয়ভীতি দেখানো হয়েছে।
এ বিষয়ে আউয়াল হোসেন মালের মা সেবেনা বেগম বলেন, “আমাদের জমি জোর করে দখলের চেষ্টা করা হয়েছে, আমরা আতঙ্কে আছি। প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।”
অন্যদিকে অভিযুক্ত সাইফুল ইসলাম মাল অভিযোগ অস্বীকার করে বলেন, এটি পারিবারিক সম্পত্তি এবং তাদের অংশ বুঝে নেওয়ার জন্যই সীমানা নির্ধারণ করা হয়েছে। তিনি দাবি করেন, কোনো বাড়ি দখল করা হয়নি, শুধু জমি চিহ্নিত করা হয়েছে।
পালং মডেল থানার উপপরিদর্শক বি এম শাহরিয়ার কবির জানান, বিরোধপূর্ণ জমি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ায় আদালত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ও ১৪৫ ধারা জারি করেছে এবং নোটিশ সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.