ফেনী প্রতিনিধি
ফেসবুকের একাধিক ফেক আইডি ব্যবহার করে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের চরিত্র হনন ও মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগে ফেনীর সোনাগাজীতে নুর উদ্দিন (৩৫) নামে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের বিজয়নগর এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১০টার দিকে মুছলেকা নিয়ে তাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীরা জানান, বিজয়নগর এলাকার আবুল খায়েরের ছেলে নুর উদ্দিন বিভিন্ন নামে অন্তত সাতটি ফেক ফেসবুক আইডি খুলে এলাকার রাজনৈতিক নেতা, সমাজসেবক, পুলিশ কর্মকর্তা, সাংবাদিক, সংসদ সদস্য ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণির লোকজনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে আসছিলেন। এতে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়।
ক্ষুব্ধ এলাকাবাসী তাকে আটক করে গণপিটুনি দেয়। আহত অবস্থায় তাকে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, পরে সোনাগাজী মডেল থানায় সোপর্দ করা হয়।
সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে চরিত্র হননের বিরুদ্ধে এলাকায় সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.