শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
“টাকা লাগলে টাকা নিতি, তবু বন্ধুদের দাওয়াত দিতি”—এই ধরনের মজার স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ব্যতিক্রমী এক ‘প্রতিবাদ কর্মসূচি’ অনুষ্ঠিত হয়েছে। বন্ধুর বিয়েতে দাওয়াত না পাওয়ার অভিমানে এসএসসি-২০১৫ ব্যাচের একদল বন্ধু শুক্রবার বিকেলে ঢাকা–খুলনা মহাসড়কের দৌলতদিয়া এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করে।
আগেই ঘোষণা দিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে বন্ধুরা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে একত্রিত হন। তবে পুরো আয়োজনজুড়েই ছিল হাস্যরস ও আনন্দঘন পরিবেশ। প্রতিবাদী স্লোগান থাকলেও অংশগ্রহণকারীদের মুখে ছিল হাসি, আর কর্মসূচিটি মূলত পরিণত হয় বন্ধুত্বের আনন্দ-উৎসবে।
মহাসড়কের পাশে এমন ব্যতিক্রমী দৃশ্য দেখতে পেয়ে পথচারী ও যাত্রীদের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়। অনেকেই গাড়ি থামিয়ে ঘটনাটি উপভোগ করেন এবং ছবি ও ভিডিও ধারণ করেন। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সাড়া পড়ে, অনেকে মন্তব্য করেন বিষয়টিকে ‘মজার বন্ধুত্বের প্রকাশ’ হিসেবে।
পরে জানা যায়, এটি কোনো প্রকৃত প্রতিবাদ নয়; বরং বন্ধুর প্রতি অভিমান থেকে করা একটি প্রতীকী আয়োজন। কর্মসূচি শেষে বন্ধুরা নববিবাহিত শাকিলের দাম্পত্য জীবনের সুখ-সমৃদ্ধি কামনা করে দোয়া ও শুভকামনা জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন আয়নাল শেখ, মিশকাত, আলামিন, আশিক, সোহেল, মামুনসহ এসএসসি-২০১৫ ব্যাচের আরও অনেক বন্ধু।
পরবর্তীতে সন্ধ্যায় সবাই একত্রিত হয়ে নৈশভোজে অংশ নেন, যা পুরো আয়োজনকে শেষ করে আনন্দঘন পরিবেশে।
এ বিষয়ে বন্ধু আয়নাল শেখ বলেন, শাকিল আমাদের খুব কাছের বন্ধু। সে আমাদের না জানিয়ে বিয়ে করায় আমরা কিছুটা অভিমান থেকে আজকের এই আয়োজন করেছি। তবে এটি মূলত আনন্দ-উৎসবই ছিল।
বন্ধু শাকিলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি, তাই তার মন্তব্য জানা সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.