মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলায় কৃষিপণ্য কেনাবেচায় কৃষকদের কাছ থেকে অতিরিক্ত “ধলতা” নেওয়া বন্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। এখন থেকে ৪০ কেজিকেই এক মণ হিসেবে গণ্য করা হবে। এর বেশি ওজন নেওয়া হলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
শুক্রবার (১৫ মে) থেকে এ নির্দেশনা কার্যকর করা হয়েছে। বিষয়টি জানাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মধুখালী পৌর এলাকার বিভিন্ন হাট-বাজারে মাইকিং করা হয়। এ সময় কৃষক ও ব্যবসায়ীদের প্রশাসনের সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করা হয়।
প্রচার কার্যক্রমে জানানো হয়, মরিচ, ধান, পাট, পেঁয়াজসহ বিভিন্ন কৃষিপণ্য ক্রয়ের সময় দীর্ঘদিন ধরে অতিরিক্ত ওজন বা “ধলতা” নেওয়ার অভিযোগ ছিল। অনেক ব্যবসায়ী ৪০ কেজির পরিবর্তে ৪২ কেজিতে এক মণ হিসাব করায় কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন।
উপজেলা প্রশাসনের এমন উদ্যোগে স্থানীয় কৃষক ও বিক্রেতাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। কৃষকদের দাবি, দীর্ঘদিন ধরে তারা অতিরিক্ত ওজন দেওয়ার কারণে লোকসানের শিকার হচ্ছিলেন। এখন প্রশাসনের হস্তক্ষেপে তারা ন্যায্য মূল্য পাওয়ার আশা করছেন।
মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান মাইকি বলেন, “কৃষকদের স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। কেউ নিয়ম অমান্য করে অতিরিক্ত ধলতা নিলে তার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.