শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নির্বিঘ্নে যাত্রী ও যানবাহন পারাপারের প্রস্তুতি দেখতে রাজবাড়ীর দৌলতদিয়া লঞ্চ ও ফেরিঘাট পরিদর্শন করেছেন নৌ-মন্ত্রণালয়ের সচিব মো. জাকারিয়া।
শনিবার (১৬ মে) দুপুর ১২টার দিকে তিনি দৌলতদিয়া ঘাট এলাকায় পরিদর্শনে যান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নৌ সচিব। তিনি বলেন, সম্প্রতি দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে ঘটে যাওয়া মর্মান্তিক বাস দুর্ঘটনার তদন্ত করে এর কারণ উদঘাটন করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা সরেজমিনে পর্যালোচনা করতেই তার এ পরিদর্শন।
তিনি আরও বলেন, “ভবিষ্যতে যাত্রীসেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।”
নৌ সচিব জানান, আইন ও নির্দেশনা অনুযায়ী সকল যানবাহন ও যাত্রীকে ফেরিতে ওঠানামা করতে হবে। নির্দেশনা অমান্য করলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সাধারণ যাত্রী, কোরবানির পশুবাহী ট্রাকসহ সব ধরনের যানবাহন যাতে নির্বিঘ্নে পারাপার হতে পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. আবুল হোসেন, পরিচালক (বাণিজ্য) মো. আশিকুর রহমান, পরিচালক (কারিগরি) ক্যাপ্টেন হাসেমুর রহমান চৌধুরী, গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান, বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাউদ্দিন এবং দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.